ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২২ জনে দাঁড়াল। 

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ২২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯২২ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন ছাড়পত্র পেয়েছেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি